রাজবাড়ী, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বুধবার মধ্যরাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক 'সন্ত্রাসী' নিহত হয়েছে।
নিহত ব্যক্তি হলো পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিমের ছেলে হাসানুল হক খান হাপু (৪২)।
ফরিদপুর র্যাব-৮ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাত তিনটার দিকে পাংশা উপজেলা কমপ্লেক্সের অদূরে আদি মহাশ্মশানের নির্মাণাধীন একটি ভবনের ভেতরে দুটি সন্ত্রাসী দল গোপন বৈঠক করছে- এই খবর পেয়ে র্যাবের একটি টহল দল ঘটনাস্থলে যায়। এসময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে এবং উভয়পক্ষের মধ্যে ২০/২৫ মিনিট গুলি বিনিময় হয়।
একপর্যায়ে গোলাগুলি বন্ধ হলে র্যাব এলাকাটি ঘিরে ফেলে। পরে ভোরের দিকে ভবনের ভেতর ও আশপাশের জায়গা তল্লাশি করে একটি লাশ পাওয়া যায়। এলাকাবাসী এবং পুলিশ তা হাপুর বলে শনাক্ত করে।
ঘটনাস্থল থেকে ১২ রাউন্ড গুলিসহ একটি বিদেশী রিভলবার, ১টি কাটারাইফেল এবং ১টি এলজি উদ্ধার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল করে রাজবাড়ী মর্গে ময়নাতদন্তের পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে পাংশা থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
তিনি আরো বলেন, "হাপু একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অপহরণ, খুন, চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এফএফ/এইচএ/১৫১০ ঘ.
bdnews24