রাজশাহী, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদার দাবিতে নির্যাতনের অভিযোগে জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশর (জেএমবি) উপদেষ্টা লুুৎফর রহমানসহ ৩৪ সন্দেহভাজন ক্যাডারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রাজশাহীর একটি আদালতে।
বুধবার বিচার বিভাগীয় হাকিম আসাফ-উদ-দৌলার আদালতে মামলাটি করেন রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা জোহানভাগ গ্রামের মানিক প্রাং।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাগমারা থানাকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন বাগমারা উপজেলার কলিমুদ্দিন, লুৎফর রহমান (জেএমবি উপদেষ্টা), মামুন মহরী, সিদ্দিক, মো. আইনুল, আব্দুর রাজ্জাক, সাইদুর রহমান, মো. আমিন, মজিদ, আবেদ আলী, মুনছুর আলী, খলিল, রেজা, জলিল, জাইদুল, মোফাজ্জল, মুনছুর-২, মাহতাব খামারু, আইয়ুব আলী, মিন্টু, সহিদুল, আলতাফ হোসেন, আইনাল দর্জি, মেসবাহ-উল আহমেদ, আফতাব, মজিবুর রহমান, আব্দুল কুদ্দুস, শামসুদ্দিন, জয়নুদ্দিন, মকবুল দর্জি, বুলবুল, আকবর আলী, আমিনুল ও মনসুর।
মামলার এজাহারে বলা হয়, ২০০৪ সালের ৬ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে আসামিরা লোহার রড, হকিস্টিক, হাসুয়া, পিস্তল, কাটা রাইফেলসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে ঝিকড়া বাজারে মানিক প্রাংকে ঘিরে ধরে। এরপর তারা মানিক প্রাংকে বেদম মারধর করে। এতে তিনি আহত হন।
এরপর মানিক প্রাংকে তার বাড়িতে নিয়ে গিয়ে বাবা-মা'র কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। সেখান থেকে তাকে নেয়া হয় বাংলা ভাইয়ের হামিরকুৎসা নির্যাতন ক্যাম্পে। সন্ধ্যায় বাদীর বড় ভাই মজিবর রহমান ৫০ হাজার টাকা দেন। তখন আসামিরা বাদীর ভাইকে আরও ৫০ হাজার টাকা দিয়ে ভাইকে ছাড়িয়ে নিতে বলে।
বাদী পক্ষের আইনজীবী শামসুন্নাহার মুকুট সাংবাদিকদের বলেন, মামলায় সাক্ষী হিসেবে উপজেলার নয় জনের নাম উল্লেখ করা হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন খলিফা বলেন, আদালতের নির্দেশ হাতে পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২২০৯ ঘ.
bdnews24