কক্সবাজার, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক মিয়ানামারের ৫৩ জন রোহিঙ্গা নাগরিককে মঙ্গলবার সকালে পুশব্যাক করা হয়েছে।
এ নিয়ে গত তিনদিনে অনুপ্রবেশকালে আটক ৭৬ জন রোহিঙ্গাকে পুশব্যাক করেছে বাংলাদেশ রাইফেলস- বিডিআর।
টেকনাফের ৪২ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর হেলাল মোহাম্মদ খান জানান, ভোরে শাহপরীর দ্বীপের বাজার পাড়া করিডোরের ঘোলার চর পয়েন্ট দিয়ে ৫৩ জন মিয়ানমার নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় তারা বিডিআরের হাতে ধরা পড়ে।
সকাল ৮টার দিকে ওই ৫৩ মিয়ানমার নাগরিককে পুশব্যাক করে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়। এদের মধ্যে ২৪ জন পুরুষ, ১৬ জন মহিলা ও ১৩ জন শিশু-কিশোর রয়েছে বলে জানান তিনি।
বিডিআর কর্মকর্তা জানান, প্রায় প্রতিদিনই রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালায়। বিডিআর তাদের আটক করে পুশব্যাক করে দিচ্ছে।
গত ২ এপ্রিল ৯ জন, ৩ এপ্রিল ১২ জন এবং ৪ এপ্রিল ২ জন রোহিঙ্গাকে পুশব্যাক করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৭ ঘ.
bdnews24