ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রাথমিক স্তরে প্রচলিত এগার ধরনের শিক্ষা ব্যবস্থা বাতিল করে একমুখী শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একাংশ।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে সমিতির নেতারা শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাত করে এই দাবি জানান।
সমিতির সভাপতি নুরুল আবছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমরা প্রাথমিক শিক্ষায় এগার ধরনের প্রচলিত শিক্ষা ব্যবস্থা বাতিল করে একমুখী প্রাথমিক শিক্ষা প্রবর্তনসহ বিভিন্ন দাবি জানিয়েছি।"
তিনি আরও বলেন,"আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় উন্নীত করাসহ আরও বেশ কিছু দাবি পেশ করেছি।"
শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ধাপে ধাপে প্রতিশ্র"তি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলে জানান নুরুল আবছার।
সর্বশেষ করা অধ্যাপক মনিরুজ্জামান মিঞা শিক্ষা কমিশনের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে এগার ধরনের প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হচ্ছে- সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি বিদ্যালয়, আনরেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা, উচ্চ মাদ্রাসা সংলগ্ন এবতেদায়ী মাদ্রাসা, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, স্যাটেলাইট বিদ্যালয়, কিণ্ডারগার্টেন এবং এনজিও পরিচালিত পূর্ণাঙ্গ প্রাথমিক বিদ্যালয়।
গত রোববার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীতে শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রথম সভায় কমিটির চেয়ারম্যান অধ্যাপক কবীর চৌধুরী ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানান, সরকার পঞ্চম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য একই পাঠ্যক্রম চালু করতে চায়।
সভায় কবীর চৌধুরী বলেন,"আমরা চাই অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত একমুখী শিক্ষা চালু হোক এবং কারিকুলাম একই হোক।"
তিনি বলেন, "সারাদেশে বর্তমানে প্রাথমিক স্তরে ১১ ধারার শিক্ষা ব্যবস্থা রয়েছে। এতে করে নানা ধরনের বিভাজন তৈরী হচ্ছে। এ ১১ ধারা থেকে 'কেটেছেঁটে' বাদ দিয়ে কিভাবে একই ধারায় আনা যায়, সেটাই আমাদের ভাবতে হবে।"
কবীর চৌধুরী বলেন, "বিশেষ সময় পর্যন্ত একমুখী শিক্ষাই আবশ্যক। এতে করে ঐক্য, সাম্য বাড়বে এবং আমাদের মধ্যে একতার সৃষ্টি হবে। ভিন্নমুখী শিক্ষার কারণে ভিন্নতা সৃষ্টি হচ্ছে।"
পঞ্চম শ্রেণী পর্যন্ত একমুখী শিক্ষাব্যবস্থা চালুর বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, "আমাদের দৃষ্টিভঙ্গিটা এরকমই। আমরা প্রাথমিক স্তরে একই কারিকুলাম করতে চাই। প্রাথমিক স্তরে নানা ধরনের বৈষম্য রয়েছে। এটি দূর করতে চাই।"
তিনি বলেন, "সব শিশুর জন্য একই পদ্ধতির শিক্ষা চালু বড় ধরনের একটি চ্যালেঞ্জ। তারপরও আমরা এটি করতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২৩০০ঘ.
bdnews24