মেহেরপুর, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত থেকে পাচার করে আনার সময় মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী ধলা গ্রাম থেকে সোমবার বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আটক নজরুল ইসলামের (৪২) বাড়ি গাংনীর তেঁতুলবাড়িয়া গ্রামে হলেও দীর্ঘদিন ধরে তিনি ভারতে বসাবস করছেন বলে গ্রামবাসীর বরাত দিয়ে র্যাব কর্মকর্তা জাহিদ জানিয়েছেন।
আটককৃত অস্ত্র-গোলাবারুদের মধ্যে আছে- একটি পিস্তল, দু'টি শাটার গান, চার রাউন্ড গুলি ও দু'টি ম্যাগজিনসহ ২০ রাউন্ড রাইফেলের গুলি এবং বোমা তৈরির তিন কেজি বারুদ।
র্যার-৬ এর গাংনী ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিদ জানান, সকালে র্যাব সদস্যরা ধলা সীমান্তে কৃষক বেশে অবস্থান নেয়। সীমান্ত অতিক্রম করে নজরুল ভারত থেকে বাংলাদেশে ঢুকে ধলা গ্রামের দিকে যাওয়ার সময় র্যাব তাকে আটক করে।
তিনি জানান, নজরুল দীর্ঘদিন ধরে ভারত থেকে অস্ত্র ও গোলাবারুদ এনে দেশের বিভিন্ন চরমপন্থী ও সন্ত্রাসী বাহিনীর কাছে বিক্রি করতেন। তিনি এ অঞ্চলের সন্ত্রাসী দুখু বাহিনীর সদস্য বলে তাদের কাছে তথ্য রয়েছে।
এ ব্যাপারে গাংনী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৭ ঘ.
bdnews24