সাতক্ষীরা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তে শুক্রবার ভোররাতে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ'র গুলিতে খলিলুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
খলিল কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের একরামুল হকের ছেলে। কয়েকজন রাখাল ভারত থেকে গরু নিয়ে আসার পথে বিএসএফ গুলি চালায়। এতে আরও দুই রাখাল আহত হয়েছেন। এরা হলেন- কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা গ্রামের আজিবর রহমান (৩৩) ও একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আব্দুল খালেক (২৫)।
সাতক্ষীরার ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ সহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ জানান, কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের খলিসা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে পরপর ছয় রাউন্ড গুলি ছোড়ে। খলিল ঘটনাস্থলেই মারা যান। আহতরা দেশে ফিরতে পারলেও খলিলের লাশ বিএসএফ জওয়ানরা নিয়ে গেছে।
তিনি জানান, সীমান্তের ১৩ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতের চারশ' গজ ভেতরে এ ঘটনায় একটি গরুও গুলিবিব্ধ হয়েছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে কুশখালী বিডিআর ক্যাম্প থেকে বিএসএফকে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানান ডিএডি মাহবুব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২১ ঘ.
bdnews24