২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধায়ক নিহত

সন্ত্রাসীদের গুলিতে রাজধানীর সেনপাড়া পর্বতায় শুক্রবার সকালে একটি নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধায়ক নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেনের (২৫) লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2009, 01:17 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সন্ত্রাসীদের গুলিতে রাজধানীর সেনপাড়া পর্বতায় শুক্রবার সকালে একটি নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধায়ক নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেনের (২৫) লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাফরুল থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ৪৯৭ পূর্ব সেনপাড়া পর্বতার নির্মাণাধীন ভবনটিতে গিয়ে ৩/৪ জন সন্ত্রাসী এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ওই ভবনের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। তার বুকের বাম পাশে গুলি লাগে। পরে খবর পেয়ে পুলিশ এসে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মোস্তাক আহমেদ জানান, আবাসন প্রতিষ্ঠান আইডিডিএল ওই জায়গায় একটি ভবন নির্মাণ করছে। এ ঘটনায় আইডিডিএল এর সিনিয়র এক্সিকিউটিভ রাসেল সাঈদ বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পাশের আরেকটি ভবনের তত্ত্বাবধায়ক হামিদুল ইসলাম সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, ওই ভবনটির মালিকের কাছে স্থানীয় সন্ত্রাসীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। মালিক চাঁদা না দেওয়ায় তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে কাফরুল থানা পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চাঁদা দাবির কোনও অভিযোগ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৯১১ঘ.