ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) তিন হাজার ৩১৪ কোটি টাকার সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সড়ক ও রেলপথ এবং বিচার বিভাগীয় অবকাঠামো প্রকল্প রয়েছে। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী এবং একনেক এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিন হাজার ৩১৪ কোটি টাকার মধ্যে প্রকল্প সাহায্যের পরিমাণ হচ্ছে ৩২৬ কোটি । বাকি অর্থ সরকার যোগান দেবে।
সভায় সড়ক ও রেলপথ বিভাগের মোট চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো হচ্ছে ৯৮১ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর কাঞ্চন-পঞ্চগড় এবং কাঞ্চন-বিরল মিটারগেজ সেকশনকে ডুয়েলগেজে এবং বিরল-বিরল বর্ডার সেকশনকে ব্রডগেজে রূপান্তর প্রকল্প, ৭০৬ কোটি টাকার 'সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-১ (১ম সংশোধিত), ১২০ কোটি টাকার সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক নির্মাণ (সংশোধিত) এবং ২১৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ বাংলাদেশ রেলওয়ের ময়মনসিংহ-জামালপুর-দেওয়ানগঞ্জ বাজার সেকশন পুনর্বাসন প্রকল্প।
স্থানীয় সরকার বিভাগের দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প দুটি হচ্ছে, ৫১০ কোটি টাকার স্থানীয় সড়ক, সেতু বা কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ প্রকল্প এবং ৫২ কোটি টাকা ব্যয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ভৌত অবকাঠামো, ড্রেনেজ ও পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প।
এছাড়া বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন দেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (১ম পর্যায়) প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৭৩২ কোটি টাকা।
বৈঠকে অর্থমন্ত্রী ও একনেক এর বিকল্প চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ, পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্য মন্ত্রী ফারুক খান, নৌ-পরিবহন মন্ত্রী আফছারুল আমীন, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১৫৬ঘ.
bdnews24