মুন্সীগঞ্জ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ ডাকাতির সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ যাত্রী।
ডাকাতরা যাত্রীদের নগদ অর্থ ও মালামাল নিয়ে গেছে।
নিহত আনসার সদস্য হলেন মনির হোসেন (৩৫)। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট নাইমা সুলতান জানান, সোমবার রাত ১২ টায় ঢাকার সদর ঘাট থেকে এমভি নিউ মিশু নামের একটি লঞ্চ কমিল্লার মুরাদনগর যাচ্ছিল। রাত ৩টায় এই ডাকাতির ঘটনা ঘটে বলে তিনি জানান।
কয়েকজন যাত্রী জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতু পার হওয়ার পরেই ডাকাতি শুরু হয়। পরে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কালগাছিয়ার কাছে আরও ১৫/২০ ডাকাত লঞ্চে ওঠে।
তারা যাত্রীদের ধারলো এলোপাথারিভাবে কোপাতে থাকে বলে জানিয়ে তারা বলেন, এতে বাধা দেয়ায় আনসার সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২২১০ ঘ.
bdnews24