ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে টাঙ্গাইলে এক 'রাজাকার'র বিরুদ্ধে সোমবার মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া শেরপুরে দুই 'আল-বদর'র বিরুদ্ধে হত্যার অভিযোগে দায়ের করা মামলা নকলা থানায় নথিভুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি জানান: বাসাইল উপজেলার হাবলা বিলপাড়া গ্রামের 'রাজাকার' আমির হামজার (৫৯) বিরুদ্ধে সোমবার টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন একই গ্রামের মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান।
মামলার এজাহারে তিনি তার বড় ভাই মো. ফজলুর রহমানকে হত্যার অভিযোগ আনেন। এজাহারে আমীর হামজাকে 'রাজাকার' বলে উল্লেখ করা হয়।
বিচারক টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন সরকারকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।
পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের আদেশ থানায় এসে পৌঁছেছে। উপ-পরিদর্শক কবির হোসেনকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বুধবার তদন্ত শুরু করবেন।"
মামলার এজাহারে বলা হয়, ১৯৭১ সালে ফজলুর রহমান ছদ্মবেশে টাঙ্গাইল শহরে পাকিস্তানী দখলদার বাহিনীর অবস্থান ও কার্যকলাপের তথ্য গোপনে সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের পাঠাতেন। ওই বছরের ২১ আগস্ট হাবলা বিলপাড়া গ্রামের মো. আলাল উদ্দিন মিয়ার ছেলে 'রাজাকার' আমির হামজা ও তার ৭/৮ সহযোগী ফজলুর রহমানকে শহরের ললিতা ফার্মেসীর কাছ থেকে ধরে নিয়ে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে বাদী মজিবর রহমান জানতে পারেন ফজলুর রহমানকে অপহরণ করে আমির হামজা গুলি করে হত্যা করে।
শেরপুর প্রতিনিধি জানান: শেরপুরের নকলা উপজেলার ইশিবপুর গ্রামের মো. আমিনুজ্জামান ফারুক এবং সদর উপজেলার মজিবর রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগে দায়ের করা মামলাটি নকলা থানায় নথিভুক্ত করা হয়েছে।
তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর সোমবার মামলাটি নথিভুক্ত করা হয় বলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান জানান।
মুক্তিযুদ্ধের সময় নকলার রাজারদী গ্রামের মো. শাহজাহানকে হত্যার অভিযোগে তার ভাই-এর ছেলে মো. সৈয়দ আলম মঞ্জু বাদী হয়ে গত ৭ এপ্রিল শেরপুরের বিচারিক হাকিম পলাশ চন্দ্র রায়ের আদালতে মামলাটি দায়ের করেন।
বিচারক মামলাটি তদন্ত করার জন্য নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দেন।
মামলার এজাহারে দুই আসামিকে 'আল-বদর' বাহিনীর সদস্য বলে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২১১২ ঘ.
bdnews24