২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের হুঁশিয়ারি মৌলিক অধিকার খর্ব করার শামিল: বিএনপি

খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের বিরুদ্ধে আন্দোলন কঠোর হাতে দমনের সরকারি হুঁশিয়ারি মৌলিক অধিকার খর্ব করার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের বিরুদ্ধে আন্দোলন কঠোর হাতে দমনের সরকারি হুঁশিয়ারি মৌলিক অধিকার খর্ব করার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার বিকালে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস ) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রিসভার সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আবারো অনুরোধ জানান বিএনপি মহাসচিব। দেলোয়ার বলেন,"খালেদা জিয়ার বৈধ বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। সরকারের মন্ত্রীরা বলছেন, বাড়ি নিয়ে আন্দোলন কঠোর হস্তে দমন করা হবে। তা হলে কি সরকার আমাদের একটি অবৈধ কাজের প্রতিবাদ জানাতে দেবে না। আমাদের কথা বলার রাজনৈতিক অধিকার খর্ব করবেন? এভাবে হুমকি-ধামকি দিয়ে কোনো লাভ হবে না।'' নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে একই স্থানে সোমবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ হবে। আইনসিদ্ধভাবে হয়নি এ যুক্তি দিয়ে গত বুধবার মন্ত্রিসভা খালেদা জিয়ার নামে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের ৬ নং বাড়িটির লিজ বাতিল করে। এছাড়া এক ব্যক্তির নামে দুটি বাড়ি লিজ দেওয়া বিধিসম্মত নয় বলে উল্লেখ করা হয়েছে। স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়াও গুলশানে আরেকটি বাড়ি দেওয়া হয়েছিল। দেলোয়ার তাদের আন্দোলনের ব্যাপারে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে বলেন, '' হুমকি দিয়ে কিছু হবে না। আপনারা সংসদে সংখ্যাগরিষ্ঠ দল। হুমকি না দিয়ে জনগণের কথা বলার মৌলিক অধিকার খর্ব করতে চাইলে আপনারা সংসদে আইন পাস করুন। সংবিধানে দেওয়া কথা বলার অধিকারটি বাতিল করে দিন। আইন তো আপনাদের হাতেই আছে। '' তিনি সরকারকে 'প্রতিহিংসা ও রাজনৈতিক সংকীর্ণতার উর্ধ্বে উঠে' আইন ও গণতন্ত্রের পথে চলার আহবান জানিয়ে বলেন, ''দেখে নেবো -এমন কথা বলা থেকে বিরত থাকুন। তা না হলে আপনাদেরই ভাবমূর্তি বিনষ্ট হবে।'' বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ''দিন বদল করতে হলে আপনার মন বদল করতে হবে। রাজনৈতিক সংকীর্ণতার উর্ধ্বে উঠে আপনি প্রধানমন্ত্রীসুলভ আচরণ করুন। বাড়িটি বাতিলের সিদ্ধান্তটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবৈধ সিদ্ধান্ত ছিল। এটা প্রত্যাহার করে নিন।'' মন্ত্রিসভা লিজ বাতিলের সিদ্ধান্ত নিতে পারে না বলে দাবি করেন দেলোয়ার। তিনি বলেন, "ওই বাড়িটির স্বত্ব যদি বেআইনি হয় সরকারের উচিত আদালতে যাওয়া। '' বিএনপি সচিব আরো মন্তব্য করেন, দেশের নানা সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে এবং বিডিআর এর ঘটনা আড়াল করতে একটি 'নন ইস্যুতে ইস্যু তৈরি করে' জনগণের দৃষ্টি সরাতে চায় সরকার। জাসাসের মহানগর সভাপতি ফয়েজুল্লাহ ফয়েজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু , জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সাংবাদিক আবদুল হাই শিকদার, অভিনেতা অমিত হাসান, ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৪৫ঘ.