গাজীপুর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসমুক্ত রাখতে সরকার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ।
তিনি বলেন, "অরাজকতামুক্ত ও সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীদের পড়াশোনা নিশ্চিত করার লক্ষ্যে সরকার যে কোন কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।"
শনিবার সকালে কাপাসিয়া ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্ত আইনানুগ বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "এ নিয়ে কোনো রকম বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির পায়তারা হলে তা কঠোর হাতে দমন করা হবে।"
বাড়িটি বরাদ্দের সময় কোনো অনিয়ম হয়ে থাকলে জাতীয় সংসদে আলোচনা করে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে।"
আগামী দু'সপ্তাহের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করা যাবে বলে তানজিম আহমেদ আশা প্রকাশ করেন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. বোরহান উদ্দিন ভুঞা, পুলিশ সুপার মো. আবদুল বাতেন, উপজেলা চেয়ারম্যন মো. মোতাহার হেসেন মোল্যা, অধ্যক্ষ মো. সামসুল বারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমিন, মাহমুদা খানম প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.
bdnews24