ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের বালুর মাঠে শুক্রবার ভোরে র্যাবের সঙ্গে 'এনকাউন্টারে' নাসির উদ্দিন নাসির ওরফে নাসির কসাই (২৮) নামে এক ব্যক্তি মারা গেছে। ঘটনাস্থল থেকে পিস্তল রিভলবারসহ তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ ১০টি মামলা রয়েছে।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং'এর পরিচালক এ কে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে তিনটার দিকে 'এনকাউন্টারের' ঘটনা ঘটে। তার আগে র্যাব-১০ নাসির কসাইকে গ্রেপ্তার করে।
তিনি জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য গেলে নাসিরের সন্ত্রাসী গ্র"প তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় নাসির পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের গুলির মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মধ্যে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি পিস্তল, একটি রিভলবার এবং একটি ওয়ান স্যুটার (বন্দুক অনুকরণে দেশীয় তৈরী অস্ত্র) মোট পাঁচ রাউন্ড গুলি 'উদ্ধার' করা হয়।
এ কে আজাদের দাবি, নাসির এলাকার সন্ত্রাসী। তার অত্যাচারে এলাকায় লোকজন সবসময় আতঙ্কে থাকতো। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যাসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/জিএনএ/১২০৫ ঘ.
bdnews24