২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-খুলনাসহ বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকার সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকার সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম: সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম মহানগর বিএনপি কাজীর দেউরির নাসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নিউমার্কেট ঘুরে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সাবেক হুইপ ওয়াহিদুল আলমের নেতৃত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাংসদ রোজী কবীর, বিএনপি নেতা এম এ সবুর, আসলাম চৌধুরী, শাহাদাত হোসেন এবং শ্রমিকদল নেতা এম নাজিমউদ্দিন। সিলেট: নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকেল সাড়ে ৪টায় একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির আহবায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নোমান মাহমুদ, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, অধ্যাপক মকসুদ আলী, আলী আহমদ, কামরুল হুদা জায়গীরদার এবং আমীরুজ্জামান চৌধুরী দুলু। রাজশাহী: জেলা ও মহানগর বিএনপি বিকেল সাড়ে ৫টায় নগরীর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সাহেব বাজার মণিচত্বরে এসে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপি সহ-সভাপতি এলাহী বক্স মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। বরিশাল: সন্ধ্যায় জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলের আগে নগরীর আশ্বিনী কুমার টাউন হল চত্তরে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এইচ এম সালেহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন, সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান শাহীন, বিএনপি নেতা জিএম ফারুক এবং মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক জি এম আতায়ে রাব্বী। খুলনা: মহানগর ও জেলা বিএনপি নগরীতে বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নগরীর কেডি ঘোষ সড়কে দলীয় কার্যালয়ের সামনে সাবেক সাংসদ এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান মনি এবং সাবেক সাংসদ কাজী সেকেন্দার আলী ডালিম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া নেত্রকোনা, সাতক্ষীরা, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে বিএনপি ও তার সমর্থক সংগঠনগুলো বিক্ষোভ-সমাবেশ করেছে। ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদ ও শিক্ষক সমিতি খালেদার বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করে পৃথক বিবৃতিতে সংগঠন দুটি সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১১৭ ঘ.