২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনব প্রতারণা, শ'খানেক ছাত্রী খোয়াল মোবাইল ফোন

অভিনব প্রতারণার মাধ্যমে খণ্ডকালীন চাকরিপ্রার্থী প্রায় একশ' ছাত্রীর মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে প্রতারকরা। পুলিশ প্রতারণার অভিযোগে চার তরুণীকে আটক করেছে। তারা হচ্ছে মাইশাতুজ্জাহান শিলা, শাহানা আক্তার তানি, জাকিয়া সুলতানা ও ইয়াসমিন আক্তার হ্যাপি। নিজেদের ছাত্রী বলে দাবি করেছে সবাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 06:38 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিনব প্রতারণার মাধ্যমে খণ্ডকালীন চাকরিপ্রার্থী প্রায় একশ' ছাত্রীর মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে প্রতারকরা। পুলিশ প্রতারণার অভিযোগে চার তরুণীকে আটক করেছে। তারা হচ্ছে মাইশাতুজ্জাহান শিলা, শাহানা আক্তার তানি, জাকিয়া সুলতানা ও ইয়াসমিন আক্তার হ্যাপি। নিজেদের ছাত্রী বলে দাবি করেছে সবাই। ঘটনার শিকার ইডেন কলেজের ছাত্রী তিন্নি জানান, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হয়ে কাজ করার জন্য তারা বুধবার বেলা আড়াইটার দিকে পান্থপথ মোড়ের আশিয়ানা রেস্তোরায় জড়ো হন। নিরাপত্তার কথা বলে ওই কোম্পানির নির্বাহী রাসেল তাদের সবার মোবাইল ফোন একটি ব্যাগে জড়ো করে রিসেপশনে জমা রাখার কথা বলে উধাও হয়ে যায়। যে চার তরুণীর মাধ্যমে ছাত্রীরা সেখানে গিয়েছিল তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রীরা। আরেক ছাত্রী রোখসানা ইয়াসমিন রীতা জানান, তার ১০ হাজার টাকা মূল্যের স্যামসাং মোবাইল ফোনটি খোয়া গেছে। ইডেন কলেজের এই ছাত্রী জানান, এক বান্ধবীর মাধ্যমে তিনি এখানে আসেন। ওই বান্ধবীর সঙ্গে আটক হওয়া একজনের পূর্ব পরিচয় ছিল। সে সূত্রে তারা এখানে আসেন। তাদের বলা হয়েছিল, বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে সহযোগিতার জন্য কিছু স্বেচ্ছাসেবক প্রয়োজন। ওই স্বেচ্ছাসেবকদের শুধু একটি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য উপহার সামগ্রী এগিয়ে দিতে হবে। যারা এখানে কাজ করবে তাদের প্রত্যেককে একটি শাড়ী, ৫০০ টাকা ও ওই দিনের খাবার দেওয়া হবে। এ কাজটি পেতে প্রাথমিক বাছাইয়ে অংশ নিতে ছাত্রীদের পান্থপথের আশিয়ানা রেস্তোরায় আসতে বলা হয়। সেখানে আসার পর ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নির্বাহী রাসেল ছাত্রীদের বলেন যে কয়েকজন বিদেশি রাষ্ট্রদূত এসে তাদের উদ্দেশে ১৫ মিনিট বক্তব্য রাখবেন। ওই বিদেশি রাষ্ট্রদূতদের নিরাপত্তার জন্য ছাত্রীদের সবাইকে মোবাইল ফোন জমা দিতে হবে। ছাত্রীরা প্রথমে আপত্তি জানালেও পরে সবাই কুপনের মাধ্যমে ফোন জমা দেয়। এরপর ফোনগুলো একটি ব্যাগে ভরে রিসেপশনে জমা দেওয়ার কথা বলে পালিয়ে যান রাসেল। ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক ইমরান জানান, রাসেল মাহমুদ নামে এক প্রতারক ছাত্রীদের কাজ দেওয়ার কথা বলে তাদের মোবাইল ফোন নিয়ে উধাও হয়ে গেছে। এখানে ইডেন, তিতুমীর, বাংলা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ছিলেন। চার তরুণীর মাধ্যমে ছাত্রীরা এখানে এসেছিলেন। ওই চার তরুণীকে আটক করা হয়েছে। তারা নিজেদের জগন্নাথ ও ইডেন কলেজের ছাত্রী হিসেবে দাবি করেছেন। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/০০২০ঘ.