২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত জঙ্গিপোষক ফয়সালকে নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন

ভোলার বেসরকারি সংস্থা গ্রিন ক্রিসেন্ট এর কর্ণধার এবং জঙ্গিদের কথিত অর্থদাতা ফয়সল মুস্তাফাসহ দুইজনকে সোমবার ভোর চারটায় গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব। র‌্যাবের কর্মকর্তা এ কে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, ভোর চারটার দিকে র‌্যাবের একটি দল ফয়সল মুস্তাফা ও সাইফুদ্দিন বাদল এই দুইজনকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 07:06 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার বেসরকারি সংস্থা গ্রিন ক্রিসেন্ট এর কর্ণধার এবং জঙ্গিদের কথিত অর্থদাতা ফয়সল মুস্তাফাসহ দুইজনকে সোমবার ভোর চারটায় গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব। র‌্যাবের কর্মকর্তা এ কে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, ভোর চারটার দিকে র‌্যাবের একটি দল ফয়সল মুস্তাফা ও সাইফুদ্দিন বাদল এই দুইজনকে গ্রেপ্তার করে। এর আগে বিভিন্ন পত্রপত্রিকায় ফয়সালকে গ্রেপ্তার করার খবর বেরিয়েছিল। বিকাল তিনটার সময় র‌্যাব সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনে এদের হাজির করা হয়। এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল রেজানুর রহমান খান সাংবাদিকদের বলেন, ভোলার গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসাটি থেকে মোঃ রাসেল ওরফে ইসমাইল (২৬)কে গ্রেপ্তারের পরে রিমান্ডে এনে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসার মালিক ফয়সাল মোস্তফা ও তার একান্ত সহযোগী মোঃ সাইফুদ্দিন বাদল সম্পর্কে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতেই র‌্যাব-৮ ও র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার পুবাইল বাইপাস রোডের ভোগরা নামক এলাকা থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করে। তারা নিজেদের ফয়সাল মোস্তফা (৪২), পিতা গোলাম মোস্তফা, গ্রাম ও থানা দৌলতখান, ভোলা ও অপরজন সাইফুদ্দিন বাদল (৪০), পিতা মোস্তফা জিয়াউদ্দিন, দৌলতখান, ভোলা- বলে পরিচয় দেয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এডিজি বলেন, ফয়সালকে গ্রেপ্তারের বিষয়ে এর আগে বিভিন্ন মিডিয়ায় যে খবর প্রচারিত হয়েছে, এ বিষয়ে আমাদের কিছু জানা ছিল না। র‌্যাব কর্মকর্তা বলেন, এই দুজনকে ভোলার বোরহানউদ্দিন থানায় সোপর্দ করা হবে। ভোলার একটি কওমি মাদ্রাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় র‌্যাব এই দু'জনকে নিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করল। ২৪ মার্চ ভোলার বোরহানউদ্দিন উপজেলার গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ এবং প্রচুর জিহাদি বই উদ্ধার করে র‌্যাব। গ্রিন ক্রিসেন্ট নামের লন্ডন ভিত্তিক একটি বেসরকারি সংস্থা (এনজিও) ১২ একর জমির ওপর চার বছর আগে এই এতিমখানা ও মাদ্রাসা ভবন নির্মাণ করে। তিন মাস আগে চালু করা হয় প্রতিষ্ঠানটি। লন্ডন প্রবাসী ফয়সল মুস্তাফা প্রতিষ্ঠানটির কর্ণধার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমডি/এসআইটি/কিউএইচ/জিএনএ/১৬৪২ ঘ.