যশোর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর-খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে রোববার যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এ কর্মসূচি থেকে আগামী ১১ এপ্রিল ভেড়ামারা থেকে খুলনা পর্যন্ত মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভেড়ামারা-যশোর-খুলনা গ্যাস লাইন বাস্তবায়ন সংগ্রামের কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে যশোরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।
কর্মসূচি চলাকালে সংগ্রাম কমিটির নেতারা গ্যাস পাইপ লাইন স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও গ্যাস পাইপ লাইন বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম মিলন, সদস্য সচিব ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাসদের কেন্দ্রীয় নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী রবিউল আলম, জেলা বিএনপি'র সভাপতি শহিদুল ইসলাম নয়ন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ, বিএনপি নেতা রফিকুর রহমান তোতন, দেলোয়ার হোসেন খোকন, সিপিবি'র জেলা সভাপতি এলাহাদাদ খান, ন্যাপ নেতা মাস্টার নুর জালাল, ওয়ার্কার্স পার্টি নেতা জিল্লুর রহমান ভিটু, শিক্ষক প্রতিনিধি তারাপদ দাস, যশোর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ও কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টু, সাংবাদিক ওহাবুজ্জামান ঝন্টু প্রমুখ।
এর আগে শুক্রবার যশোরের সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কার্যালয়ে মতবিনিময় সভা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পরদিন থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনসমুহের কার্যালয়ে গ্যাস পাইপ লাইন স্থাপনের দাবি সংবলিত ব্যানার ঝুলিয়ে রাখা হচ্ছে।
কমিটির আহবায়ক শহিদুল ইসলাম মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্যাস সরবরাহের দাবিতে প্রয়োজনে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।"
কমিটির সদস্য সচিব ইকবাল কবির জাহিদ বলেন, "এ আন্দোলন একক ব্যক্তি গোষ্টি বা কোন রাজনৈতিক সংগঠনের না।"
তিনি দ্রুত গ্যাস পাইপ লাইন স্থাপনের কাজ শুরুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24