মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদন
ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন শিক্ষানীতি প্রণয়নে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে প্রধান করে শিগগিরই করা হচ্ছে একটি কমিটি। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ওই কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।
কুদরাত-ই-খুদা শিক্ষা কমিশনের আলোকে ২০০০ সালে প্রণীত শিক্ষা নীতিকে (ড. শামসুল আলম শিক্ষা নীতি) যুগোপযোগী করে করা হচ্ছে নতুন এই শিক্ষানীতি।
এ বিষয়ে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন শিক্ষানীতি প্রণয়নে একটি কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এতে অধ্যাপক কবীর চৌধুরীকে প্রধান করার প্রস্তাব দিয়েছি।"
প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এটি চূড়ান্ত হবে এবং এর ভিত্তিতেই কমিটি কাজ করবে বলে জানান শিক্ষা সচিব।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে ১৬ সদস্যের কমিটি করার একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
আতাউর রহমান এ ব্যাপারে বলেন, "আমাদের প্রস্তাবিত কমিটি থেকে প্রধানমন্ত্রী হয়তো কিছু নাম বাদ দিতে পারেন, আবার কিছু সংযোজন করতেও পারেন তিনি।"
শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানিয়েছেন, এই কমিটিকে তিন মাস সময় দেওয়া হবে। যার ভিত্তিতে পরবর্তী শিক্ষা কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, "মূলত যার নেতৃত্বে কমিটি হয় তার নামেই পরিচিত হয়ে থাকে শিক্ষানীতি। সে হিসেবে কবীর চৌধুরী কমিটির প্রধান হলে শিক্ষানীতিটি 'কবীর চৌধুরী শিক্ষানীতি' নামেই পরিচিত হবে।"
এর আগে গত ১৭ মার্চ নগরীতে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও নয়া শিক্ষানীতি প্রণয়নের কথা জানিয়েছিলেন।
আগামী কয়েক মাসের মধ্যে নতুন শিক্ষানীতি উপহার দেওয়া হবে জানিয়ে নূরুল ইসলাম নাহিদ আরও জানিয়েছিলেন, এই শিক্ষা নীতিতে অন্যান্য সরকারের সময় প্রণীত শিক্ষা কমিশন ও শিক্ষানীতির প্রয়োজনীয় বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হবে।
স্বাধীনতার আগে ও পরে একাধিক শিক্ষা কমিশন ও শিক্ষানীতি হলেও তা কখনো আলোর মুখ দেখেনি। সর্বশেষ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞার নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করা হলেও সেটি বাস্তবায়িত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এইচএ/১৯৫০ঘ.
bdnews24