পটুয়াখালী, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী-বরগুনা এবং সমুদ্র সৈকত কুয়াকাটার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরীঘাটে রোববার রাত ৯টার দিকে গাছ বোঝাই একটি ট্রাক ফেরিতে ওঠার সময় বেইলি ব্রিজ ভেঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকতসহ দু'জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঘটনাস্থল থেকে লেবুখালী ফেরীঘাটের সুপার ভাইজার আবদুল কুদ্দুস জানান, বরিশাল থেকে আসা অতিরিক্ত গাছ বোঝাই একটি ট্রাক লেবুখালী ব্রিজে ওঠার সময় ফেরিঘাটের উত্তর পাড়ের বেইলি ব্রিজ ভেঙে যায়। এরপর থেকে পটুয়াখালী-বরগুনা এবং সমুদ্র সৈকত কুয়াকাটার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
ঘাটের দু'পাশে শতাধিক যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। দূরপাল্লার যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। বরিশাল থেকে ক্রেন এনে বেইলি ব্রিজ উত্তোলন ও মেরামতের কাজ শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জিএনএ/১০৫৬ ঘ.
bdnews24