২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা মামলায় জামায়াতের রাজ্জাকের আগাম জামিন

পিলখানা মামলায় জামায়াতে ইসলামীর নেতা আবদুর রাজ্জাককে ছয় মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এ মামলায় তাকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না তার কারণ জানাতে সরকারকে আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 07:20 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পিলখানা মামলায় জামায়াতে ইসলামীর নেতা আবদুর রাজ্জাককে ছয় মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এ মামলায় তাকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না তার কারণ জানাতে সরকারকে আদেশ দিয়েছে আদালত। রোববার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মারযি-উল-হকের বেঞ্চ রাজ্জাকের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। আদেশের পর রাজ্জাকের কৌঁসুলি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিলখানা হত্যাকান্ডের মামলায় ব্যারিস্টার রাজ্জাককে ছয় মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।" ব্যারিস্টার মিঞা আরও বলেন, "গত ২৯ মার্চ হাইকোর্ট ব্যারিস্টার রাজ্জাককে ৫ এপ্রিল পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছিল। গত ৩১ মার্চ হাইকোর্টের সেই আদেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট আজ গত ২৯ মার্চের আদেশটি চূড়ান্ত করে ব্যারিস্টার রাজ্জাককে আগাম জামিন দেন।" আদালতে জামিন আবেদনের ওপর শুনানিতে ব্যারিস্টার মিঞা বলেন, ব্যারিস্টার রাজ্জাককে বৈধ কাগজপত্র ও আদালতের আদেশ সত্ত্ব্ওে বিদেশ যেতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সরকারের বিরুদ্ধে ব্যারিস্টার রাজ্জাক আদালত অবমাননার মামলা দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে হয়রানির জন্য পিলখানা হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে তাকে নোটিশ দেওয়া হয়। ব্যারিস্টার মিঞা বলেন, "রাজনৈতিক হয়রানির জন্য ব্যারিস্টার রাজ্জাকের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ থেকে তিনি আশংকা করছেন তাকে যে কোন সময় গ্রেপ্তার করা হতে পারে।" ২৮ মার্চ পিলখানা ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি আবদুল কাহহার আকন্দ ব্যারিস্টার রাজ্জাককে ৩০ মার্চ সকাল সাড়ে দশটায় মালিবাগে সিআইডির কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দেন। এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে ব্যারিস্টার রাজ্জাক ২৯ মার্চ একটি রিট আবেদন ও গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য একটি জামিনের আবেদনও দায়ের করেন। হাইকোর্ট ওই চিঠির কার্যক্রম স্থগিত করেনি। ফলে ৩০ মার্চ তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমডি/জিএনএ/১৩১৫ ঘ.