ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবেলায় ব্যবসায়ীদের পরামর্শগুলো টাস্কফোর্সের সুপারিশে বিবেচনায় নেওয়া হবে।
তিনি ব্যবসায়ীদের 'সাহসিকতার সঙ্গে' এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ সরকার ব্যবসা-বান্ধব সরকার।
মন্ত্রী বলেন, বিগত ৮৬ দিনে সরকার ব্যবসায়ীদের আস্থায় আনতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে।
তিনি বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর বিশ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মত বিনিময় করছিলেন। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
প্রতিনিধি দল মন্ত্রীকে 'আমার পণ্য আমার দেশ' স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী প্রচারাভিযানের কথা জানান। তারা এ উদ্যোগ সফল করতে সরকারের সহযোগিতা চান এবং কিছু প্রস্তাব বিবেচনার জন্য উত্থাপন করেন।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে: বকেয়া নগদ প্রণোদনা অর্থ পরিশোধ করা, মন্দা মোকাবেলায় দেশীয় শিল্প খাত রক্ষায় সরকারের সহযোগিতা, সম্পূরক ডিউটির পরিবর্তে ফ্রিঞ্জ ডিউটি নির্ধারণ করা, ভ্যাট লক্ষ্যমাত্রা স্থানীয় পর্যায়ে নামিয়ে আনা, বিদ্যুতের সঠিক ব্যবস্থাপনা ও ডিজেলের দাম লিটার প্রতি ৪৪ টাকার স্থলে ২০ টাকায় নির্ধারণ, নিজস্ব ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বসানোর লাইসেন্স ফি মওকুফ করা ইত্যাদি।
মন্ত্রী আগামী পাঁচ বছরে ৫০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকারের পরিকল্পনার কথা ব্যবসায়ীদের জানান এবং তাদের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন।
ব্যবসায়ীরা নগদ প্রণোদনার বকেয়া অর্থ পেয়ে যাবেন বলে তিনি তাদের আশ্বস্ত করেন।
মন্ত্রী জানান, ব্যাংক সুদের হার কমানোর লক্ষ্যে সরকারের চিন্তা ভাবনা রয়েছে। সরকারের সক্ষমতা বাড়াতে খাতভিত্তিক যে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সব ক্ষেত্রে সমন্বয়কারীর ভূমিকা পালনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বাণিজ্য সচিব ফিরোজ আহমদে, বিসিআই এর প্রতিষ্ঠাতা পরিচালক সালমান এফ রহমান, সংগঠনের বর্তমান সভাপতি শাহেদুল ইসলাম, সাবেক সভাপতি একে আহাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২১৩৯ঘ.
bdnews24