ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক সৈয়দ বজলুল করিমকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দ বজলুল করিম বুধবার দুপুরে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে এ মামলায় আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে বিচারক এ এন এম বশির উল্লাহ আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সৈয়দ বজলুল করিমের বিরুদ্ধে ২০০২ সালের ৩১ অক্টোবর রমনা থানায় এ মামলা করে বিলুপ্ত দুর্নীতি দমন টাস্ক ফোর্স-৩।
মামলায় বলা হয়, অভিযুক্ত জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জন করে ১ কোটি ৮ লাখ, ৫৬ হাজার ১৬২ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
চলতি বছরের ১ মার্চ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম এম আকতার হামিদ ভূইয়া এ মামলায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বুধবার বিচারক বশির উল্লাহ মামলাটি আমলে নিয়ে ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২৩৪৫ঘ.
bdnews24