ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও ওষুধে ভেজাল মেশানো রোধ করার লক্ষ্য নিয়ে সংসদে পাশ হলো ভোক্তা স্বার্থ সংরক্ষণ বিল ২০০৯।
এছাড়া বাংলাদেশ টেলিফোন ও তার বোর্ড (বিটিটিবি) (সংশোধনী) বিল ২০০৯ পাশ করা হয়েছে।
এই সংশোধনী অনুযায়ী বিটিটিবিকে দুইটি পৃথক অংশে বিভক্ত করে বাংলাদেশ টেলি কমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) নামের দুইটি পৃথক প্রতিষ্ঠান স্থাপন করা হবে।
দু'টি বিলই বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জারি করা বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (সংশোধনী) অধ্যাদেশ ২০০৮ এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণ অধ্যাদেশ ২০০৮'র প্রায় অনুরূপ।
ভোক্তা স্বার্থ সংরক্ষণ বিল অনুযায়ী ভেজাল পণ্য বিক্রি, ওজনে কারচুপি ও বেশি দামে পণ্য বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিকে এক থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে।
এছাড়া দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করলে এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তিই দেওয়া যাবে। মিথ্যা বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ভোক্তাদের প্রতারিত করলেও একই ধরনের শাস্তি হবে।
বাণিজ্য মন্ত্রী ফারুক খান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়।
বিলটির স্বপক্ষে যুক্তি প্রদর্শন করে বাণিজ্য মন্ত্রী বলেন, "ভোক্তা স্বার্থ সংরক্ষণে কোন আইন না থাকায় তারা বিভিন্ন ধরনের প্রতারণা ও হয়রানির স্বীকার হচ্ছে।"
তিনি বলেন, সব শ্রেণীর মানুষ এই ধরনের একটি আইন কার্যকর করার দাবি করছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বাংলাদেশ টেলিফোন ও তার বোর্ড (সংশোধনী) বিল ২০০৯ উত্থাপন করেন। এই বিলটিও কণ্ঠভোটে পাশ হয়।
এর আগে বিরোধী দলীয় সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদিন, মোশাররফ হোসেন, এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সৈয়দা আশরাফী পাপিয়া এই বিল দুইটির কিছু সংশোধনী প্রস্তাব করেন।
বিএনপি সাংসদ মোশাররফ হোসেন বলেন, "বিটিটিবিকে কোম্পানিতে পরিণত করার এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের ছিল না। কোন নির্বাচিত সরকারের এটি করার কথা। তাই সরকারের এই বিলটি পাশ করে একটি অবৈধ সরকারের কাজকে অনুমোদন করা উচিৎ হবে না।"
তারা এই বিল দুইটি এই মুহূর্তে পাশ না করার জন্য সরকারকে অনুরোধ জানান। এছাড়া এই বিলগুলোর ব্যাপারে জনমত প্রকাশের প্রস্তাব করেন।
কিন্তু কণ্ঠভোটে এই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসইউএম/পিসি/কিউএইচ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24