ফেনী, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - ফেনী শহরের কদলগাজী সড়কে রোববার রাতে অগ্নিদগ্ধ হয়ে তিন শিশু মারা গেছে।
নিহত তামিম (৮), পিঙ্কি (৫) ও তাসলিম (৩) কদলগাজী সড়কের হক কলোনির বাসিন্দা দিনমজুর নুরুল ইসলামের সন্তান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে নুরুল ইসলাম তার সন্তানদের ঘরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দোকানে যান কেনাকাটা করার জন্য। এ সময় ঘরে আগুন লাগলে তিনজনই ঘটনাস্থলে মারা যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা জানান, আগুনে কলোনির ৫/৬টি কাঁচা ঘর পুড়ে গেছে। এলাকাবাসীর সহায়তায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩৫০ ঘ.
bdnews24