২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহের মামলা নিয়েছে আদালত, আজ্ঞাতনামা আসামি এক হাজার

বিডিআর সদরদপ্তরে সশস্ত্র বিদ্রোহের ঘটনায় পুলিশের দায়ের করা মামলাটি গ্রহণ করেছে আদালত। এতে অজ্ঞাত এক হাজার বিডিআর সদস্যকে আসামি করা হলেও কয়েকজনের পরিচয় উল্লেখ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 06:49 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিডিআর সদরদপ্তরে সশস্ত্র বিদ্রোহের ঘটনায় পুলিশের দায়ের করা মামলাটি গ্রহণ করেছে আদালত। এতে অজ্ঞাত এক হাজার বিডিআর সদস্যকে আসামি করা হলেও কয়েকজনের পরিচয় উল্লেখ করা হয়েছে। ঘটনার তিনদিন পর লালবাগ থানায় শনিবার দায়ের করা মামলাটি ঢাকা মহানগর আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম গ্রহণ করেন রোববার। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা মামলাটি দায়ের করেন। এতে বিডিআর-এর ডিএডি তৌহিদুল আলম, ডিএডি মো. নাছিরউদ্দিন খান, ডিএডি মির্জা হাবিবুর রহমান, ডিএডি জলিল, বিডিআর সদস্য মো. আ. রহিম এবং সিপাহী সেলিমসহ অজ্ঞাত পরিচয়ের এক হাজার বিডিআর সদস্যকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, অভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য অভিযুক্তরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ ঘটনা ঘটিয়েছে। বিডিআর এ কর্মরত সেনা কর্মকর্তা ও তাদের পরিবার পরিজনসহ অন্য ব্যক্তিদের হত্যা, গুরুতর জখম, লুটপাট, অগ্নি সংযোগ, গ্রেনেড বিস্ফোরণ, গুলিবর্ষণ, সমাবেশ, সম্পত্তির ক্ষতিসাধনসহ নানা ধরনের অপরাধমূলক তৎপরতা চালিয়েছে। এতে বলা হয়, এসব বিডিআর সদস্য বিশেষ একটি স্বার্থান্বেষী মহলের মদদে রাষ্ট্রীয় স্থিতিশীল পরিবেশ বিনষ্ট এবং অবৈধভাবে লাভবান হওয়ার হীন উদ্দেশ্যে যেসব কার্যকলাপে লিপ্ত হয় তা রাষ্ট্রদ্রোহসহ অন্যান্য গুরুতর অপরাধের সামিল। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০-বি/১২১/১২১-এ/১৪৭/ ১৪৯/৩৩৩/ ৩৫৩/৩৪২/ ৩৪৩/৩২৩/৩২৪/ ৩২৫/৩০৭/৩০২/ ৪৩৬/ ৪২৭/ ৩৮০/ ৩৮২/ ২০১/১১৪/১০৯/৩৪ এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে মামলায় এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি থানায় আত্মসমর্পণ করা বিডিআর সিপাহী মো. শাহিন মিয়া, নজরুল ইসলাম ও মো. সোহেল চৌধুরীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে মহানগরের একটি আদালতে তোলা হয়। বিচারক শামীমা পারভীন তাদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম আদালতে দাখিল করা প্রতিবেদনে বলেন, পলাতক বিডিআরের এই সদস্যরা দক্ষিণ যাত্রাবাড়ির ১২৩ নম্বর বাড়িতে আশ্রয় চাইলে ওই বাড়ির লোকজন যাত্রাবাড়ি থানায় খবর দেন। বিডিনিউজ ২৪ ডটকম/পিবি/টিআর/ডিডি/২৩৪২ ঘ.