গাইবান্ধা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - গাইবান্ধার সাদুল্যাপুরে শনিবার রাতে বার্ড ফ্লু আক্রান্ত ৮৮টি বিভিন্ন প্রকারের পাখি নিধন করা হয়েছে। আক্রান্ত এলাকার আধ কিলোমিটারের মধ্যে তিনমাস কোনো ধরনের পাখি পালন না করতে স্থানীয়দের পরামর্শ দেওযা হয়েছে।
নিধন করা পাখির মধ্যে রয়েছে- ৩২টি হাঁস, ১০২টি মুরগি ও ৫৪টি কবুতর। এছাড়া ৬০টি ডিমও নষ্ট করা হয়েছে।
সাদুল্যাপুর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা উত্তম কুমার দাস বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, শনিবার সকালে সাদুল্যাপুর হাসপাতাল এলাকায় মালি আনোয়ারুল ইসলামের বাসায় ১২টি মুরগি মারা যায়। মৃত মুরগির নমুনা গাইবান্ধা আঞ্চলিক পশুরোগ নির্ণয় ও গবেষণাগারে পরীক্ষা করে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত করা হয়।
তিনি বলেন, "শনিবার রাত সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত হাসপাতাল এলাকার আধ কিলোমিটারের মধ্যে ২১টি পরিবারের হাঁস, মুরগি, কবুতর নিধন এবং ডিম নষ্ট করা হয়।"
পশু সম্পদ কর্মকর্তা আরও বলেন, "বার্ড ফ্লু আক্রান্ত এলাকার আধা কিলোমিটারের মধ্যে আগামী তিনমাস কোনো হাঁস, মুরগি ও কবুতর পালন না করার পরামর্শ দেওয়া হয়েছে।"
নিধন কাজের সময় সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াহেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ এবং কয়েকজন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, "ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে।"
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪০ ঘ.
bdnews24