২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত সেনা কর্মকর্তার মোবাইল সেট মিলল বিডিআর জওয়ানের শ্বশুরবাড়িতে

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মাজহারুল হায়দারের মোবাইল ফোন সেটসহ দুটি সেট উদ্ধার করা হয়েছে গোলাপগঞ্জর শহরের একটি বাসা থেকে। ওই বাসাটি বিডিআর জওয়ান জিল্লুর শ্বশুর আব্দুল হামিদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 11:33 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

গোপালগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মাজহারুল হায়দারের মোবাইল ফোন সেটসহ দুটি সেট উদ্ধার করা হয়েছে গোলাপগঞ্জর শহরের একটি বাসা থেকে। ওই বাসাটি বিডিআর জওয়ান জিল্লুর শ্বশুর আব্দুল হামিদের। ক্যাপ্টেন মাজহার বিদ্রোহে নিহত বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের স্টাফ অফিসার ছিলেন। তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদের জামাতা ছিলেন বলে জানিয়েছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তারা। র‌্যাব কর্মকর্তা মেজর মুহম্মদ আনোয়ার-উস-সাদাত জানান, সোমবার ভোর রাতে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল বিডিআর জওয়ান জিল্লুরের শ্বশুর আব্দুল হামিদের বাসায় অভিযান চালায়। সেখান থেকে তারা নোকিয়া এন-৮১ ও এন-৭০ ব্র্যান্ডের দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করেন। এর মধ্যে এন-৮১ নিহত ক্যাপ্টেন মাজহারের বলে তিনি জানান। মেজর আনোয়ার জানান, বিডিআর বিদ্রোহের পর গত ২৬ ফেব্রয়ারি রাতে জিল্লুর পিলখানার সদর দপ্তর থেকে পালিয়ে তার শ্বশুরবাড়ি গোপালগঞ্জে আত্মগোপন করেন। সরকারি ঘোষণার পর সদর দপ্তরে রিপোর্ট করতে যাওয়ার সময় জিল্লুর তার স্ত্রী চায়না বেগমের কাছে সেট দুটি রেখে যান বলে জিজ্ঞাসাবাদে হামিদ পরিবারের সদস্যরা জানিয়েছেন। তিনি জানান, বিডিআর বিদ্রোহে গ্রেপ্তারকৃতদের মধ্যে জিল্লুরও রয়েছেন। তার বাড়ি মাগুরা জেলায়। ফোন সেট উদ্ধারের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেট দুটি পাঠানো হয়েছে ঢাকায় র‌্যাবের সদর দপ্তরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৬ ঘ.