ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রহীন জাহাজ ভাঙা ইয়ার্ড বন্ধ করার জন্য হাইকোর্টের আদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। তবে আদেশের অন্যান্য অংশ স্থগিত করেনি আদালত।
শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আব্দুল আজিজ এই স্থগিতাদেশ দেন।
আগামী তিন সপ্তাহের মধ্যে অ্যাসোসিয়েশনকে আপিল অনুমতির আবেদন (লিভ-টু-আপিল) করতে বলা হয়েছে।
শুনানিতে অ্যাসোসিয়েশনের পক্ষে অংশ নেন ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ। বিপক্ষে ছিলেন ব্যারিস্টার ফিদা এম কামাল।
জনস্বার্থে দায়ের করা বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) একটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ইমান আলী ও শেখ আব্দুল আউয়ালকে নিয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গত ১৭ মার্চ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রহীন জাহাজ ভাঙা ইয়ার্ডগুলোকে দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়।
একই আদেশে গ্রিনপিসের তালিকাভুক্ত জাহাজের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদালতের আদেশে বলা হয়, বৈধ ও বাধ্যতামূলক পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রহীন ইয়ার্ডে জাহাজ ভাঙার কোন কাজ করা যাবে না।
সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই না করা পর্যন্ত হাইকোর্ট পরিবেশবাদী সংগঠন গ্রিন পিসের তালিকাভুক্ত কোন জাহাজ ভাঙার জন্য বাংলাদেশে না আনার নির্দেশ দেয়।
আদালতের আদেশে আইন অনুযায়ী সংশ্লিষ্ট জাহাজটির বর্জ্য পরিস্কার এবং এ ধরনের জাহাজ ভাঙার মতো অবকাঠামোগত সুযোগ-সুবিধা আছে কিনা- তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশের সীমানার বাইরেই ক্ষতিকর বর্জ্য পরিস্কার না করে কোন জাহাজ যাতে দেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্যও সরকারকে আদেশ দেওয়া হয়েছিল।
শ্রমিকদের জন্য কাজের নিরাপদ ব্যবস্থা, ক্ষতিকর বর্জ্য ফেলার যথাযথ ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করার পরই কেবল জাহাজ ভাঙার কাজ করা যেতে পারে বলে উল্লেখ করে সরকারকে এ বিষয়টি নিশ্চিত করতে বলা হয় আদালতের আদেশে।
বাসেল কনভেনশন ১৯৮৯, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৭ এর ওপর ভিত্তি করে জাহাজ ভাঙার ব্যাপারে আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় আইন-কানুন তৈরি করার জন্য আদালত পরিবেশ ও বন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়।
পরিবেশ অধিদপ্তর গত বছরের ১১ ডিসেম্বর এক রিপোর্টে জানিয়েছিল ৩৬টি শিপ ব্রেকিং ইয়ার্ডের একটিও পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র নেয়নি। এমন কি, ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন পর্যন্ত করেনি। এই ইয়ার্ডগুলোকে 'লাল' (খুবই বিপজ্জনক) শ্রেণীর প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পরিবেশ আইন মেনে চলার বিষয়টি নিশ্চিত করার জন্য কোন মন্ত্রণালয়ই সহযোগিতা করছে না বলে আদালত মনে করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/টিআর/এসকে/২৩১০ ঘ.
bdnews24