২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ ও স্বাধীনতাকে অকার্যকর করার 'ষড়যন্ত্র' রুখতে হবে: বিএনপি

দেশ ও স্বাধীনতাকে অকার্যকর করার 'ষড়যন্ত্র' রুখতে জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 02:40 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ ও স্বাধীনতাকে অকার্যকর করার 'ষড়যন্ত্র' রুখতে জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহবান জানান। কারো নাম উল্লেখ না করে বিএনপির মহাসচিব বলেন,''দেশের স্বাধীনতা আজ অকার্যকর ও পঙ্গু করার ষড়যন্ত্র চলছে। দেশকে অকার্যকর করে ফেলেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বড় প্রয়োজন জাতীয়তাবাদী সব শক্তির ঐক্য।" রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভাটি ছিল দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির তিন দিনের কর্মসূচির প্রথম দিনে এ আলোচনা সভায় মহানগরসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 'সংস্কারপন্থীদের' নিন্দা ও হট্টগোল আলোচনার এক পর্যায়ে দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান বক্তব্য দিতে গেলে কর্মীরা 'দালাল, দালাল,' 'সংস্কারপন্থীকে ধর-ধর' বলে হট্টগোল করে। একজন মহিলা কর্মী মাহবুবকে লক্ষ্য করে নিজের জুতা দেখান। কর্মীদের উত্তেজনার মধ্যে জেনারেল মাহবুব বলেন,'' আমাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। বিশৃঙ্খলা করলে দল ক্ষতিগ্রস্ত হবে, আওয়ামী লীগ লাভবান হবে। আপনারা শান্ত হোন, আমাকে কথা বলতে দিন। আমাদের মধ্যে ঐক্য প্রয়োজন।'' এ পর্যায়ে মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা দাঁড়িয়েও কর্মীদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। এর আগে দলের যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস তার বক্তব্যে অভিযোগ করেন, 'দলের ভেতরে সংস্কারপন্থীরা চক্রান্তকারী হিসেবে ছিল। তাদের দল থেকে বের হয়ে যেতে হবে। '' এ সময়ে কর্মীরা তুমুল করতালি দেয়। আলোচনা সভায় দেলোয়ার 'স্বাধীনতার ঘোষক' হিসেবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন,'' মুক্তিযুদ্ধের সূচনায় জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন-এটাই ইতিহাস। জিয়ার সেদিনের ঘোষণাই বাংলাদেশের মানুষের প্রেরণা উৎস ও অপার আলো জ্বালিয়েছিল।" দেলোয়ার পিলখানা বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের হত্যাযজ্ঞের কথা তুলে ধরে বলেন,'' আমাদের সীমান্ত রক্ষী বাহিনী ক্ষতিগ্রস্ত হলে যারা লাভবান হয়, তারাই এ ঘটনা ঘটিয়েছে। এরা কারা দেশের মানুষ আজ জানতে চায়।'' দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জাতীয় সংসদে জিয়া সম্পর্কে 'মিথ্যাচারের' কঠোর সমালোচনা করেন। খোন্দকার দেলোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ ও ইউ এ বি রাজিয়া আখতার বানু, বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলম, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, শ্রমিক দলের নেতা আবুল কাশেম চৌধুরী, কৃষক দলের শামসুজ্জামান দুদু, যুব দলের আবদুস সালাম আজাদ, জাসাসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৩৮ঘ.