ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত ৪৫ জন স্পিকারের কাছে রোববার শপথ নেবেন।
বুধবার ডেপুটি স্পিকার শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ সংসদের শপথ কক্ষে রোববার সকাল ১১ টায় আওয়ামী লীগ, ১২ টায় বিএনপি ও বেলা ১ টায় জাতীয় পার্টি'র নির্বাচিত মহিলাদের শপথ করাবেন।
দলীয় কোটা অনুযায়ী এবার ৪৫টি আসনের মধ্যে আওয়ামী লীগের ৩৬ জন, বিএনপির ৫ জন ও জাতীয় পার্টির ৪ জন নির্বাচিত হয়েছেন।
২৪ মার্চ নির্বাচিত ৪৫ জন প্রার্থীর নাম ও ঠিকানা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহমদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।
সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তারিখ ৩০ মার্চ থাকলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ মার্চ ৪৫ জন নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএইচসি/এসকে/২০৫০ঘ.
bdnews24