ভোলা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি মাদ্রাসা থেকে ১১টি আগ্নেয়াস্ত্র, দুই হাজার রাউন্ড গুলি, বোমা তৈরি সরঞ্জাম ও জিহাদী বইসহ চারজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বরিশাল র্যাব-৮ এর একটি দল বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নের রাম বেশবপুর গ্রামের গ্রিন ক্রিসেন্ট নামের ওই মাদ্রাসায় অভিযান চালায়। জায়গাটি ভোলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে আছে- দুটি বিদেশি পিস্তল, ছয়টি দেশি বন্দুক, তিনটি এয়ারগান, বোমায় ব্যবহারের জন্য রাখা তিন হাজার ব্লেড আকৃতির লোহার পাত, দুটি মোবাইল ফোন, ছয়টি লাইফ জ্যাকেট, ২০টি মুখোশ, দুটি ওয়াকিটকি এবং বেশ কিছু জিহাদী বই।
আটক চারজন হলেন- মাদ্রাসার 'প্রশিক্ষক' রাসেল (৩০), তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) হামিদ (৩০), আবুল কালাম (৩২) ও জসিম (৩৫)।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-৮ এর কর্মকর্তা মেজর মামুন সাংবাদিকদের জানান, মাদ্রাসার একটি কক্ষ থেকে অস্ত্র, গুলিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/১৭২৬ঘ.
bdnews24