চট্টগ্রাম, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের লোহাগড়া উপজেলায় বৃহস্পতিবার একটি পিকনিকের বাস খাদে পড়ে ৯ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বগুড়ার একটি প্রতিষ্ঠান থেকে কক্সবাজারে পিকনিকে আসা বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামে ফিরছিল। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি উপজেলার চুনতি এলাকায় মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই আনোয়ার মাষ্টার, হালিমা খাতুন, জুনাব আলী, মতিউর রহমান, শহিদুল ইসলাম, কামরুজ্জামান, সানী, গুলনাহার এবং দুর্ঘটনাকবলিত গাড়িটির অজ্ঞাতনামা এক সহকারী মারা যায়।
হতাহতরা সকলে বগুড়া থেকে আসা ফাঁপর উচ্চ বিদ্যালয় ও কইচর মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, লোহাগড়া জেনারেল হাসপাতাল ও সাতকানিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যানবাহন চলাচল অন্তত দুই ঘন্টা বন্ধ ছিল। এ সময় মহাসড়কের দুইদিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার কাজ পুরোপুরি শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়া সদরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকরা এ শিক্ষাসফরের অযোজন করে। । ২৩ মার্চ বিকেলে তারা বগুড়া থেকে রহমানিয়া পরিবহনের একটি বাসে (পাবনা-ব-১১-০০২৭) করে কক্সবাজার রওনা হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তারা কক্সবাজার থেকে রাঙামাটির উদ্দেশে রওনা হন।
বাসের যাত্রী কামরুজ্জামান জানান, ২০০৩ সাল থেকে 'আল মদিনা শিক্ষা সফর' প্রতিষ্ঠানটি প্রতি বছর স্থানীয়দের অল্প টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় ভ্রমণে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২০৪০ঘ.
bdnews24