রাজশাহী, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিবেশের ভারসাম্য রক্ষায় পদ্মার শাখা নদী বড়াল রক্ষায় কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং নদীর তীরের সব স্থাপনা অপসারণসহ সরকারের কাছে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), উন্নয়ন সংস্থা রুলফাও, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা এবং চলনবিল সোসাইটি।
রাজশাহীর স্থানীয় জিডিআরসি মিলনায়তনে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে সংগঠনগুলো এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজশাহীর চারঘাটের বড়াল নদী উত্তরাঞ্চলের চারটি জেলা এবং চলনবিলের উপর দিয়ে প্রবাহিত হয়ে পদ্মা ও যমুনার ভারসাম্য রেখে চলেছে। কিন্তু বড়ালের উৎসমুখে ১৯৮৫ সালে একটি এবং পরে আরও কয়েকটি স্লুইসগেট নির্মাণ করায় বড়াল অববাহিকার মানুষ শত বছরের নদীভিত্তিক পেশা হারিয়েছে এবং চলনবিল ও এ অঞ্চলের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে বড়াল নদীসহ এ অঞ্চলের অন্য নদীগুলো বাঁচানো দরকার।
বড়ালসহ পদ্মার শাখা নদী মূশাখা-নারদ রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ; বড়ালের বালু অপসারণ করে পরিবেশ সংরক্ষণমূলক কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন; সকল স্লুইসগেট, ক্রসবাঁধ অপসারণ ও চলাচলের জন্য এসব স্থানে সেতু নির্মাণ; বড়ালের তীরে নতুন স্থাপনা নির্মাণ না করা; ভরাট হয়ে যাওয়া স্থানে পুনর্খনন; পারস্পরিক অস্তিত্ব রক্ষায় পদ্মা-যমুনা এবং চলনবিল সংরক্ষণ ও উন্নয়নে পরিকল্পনা গ্রহণ; নদী সংশ্লিষ্ট সকল প্রকল্প দুর্নীতিমুক্ত এবং নদী বিষয়ে সকল কাজে নদী এলাকার মানুষের মতামত নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাপা'র সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু, প্রকৌশলী তাজুল ইসলাম, রুলফাও এর পরিচালক আফজাল হোসেন, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়েজুল্লাহ্ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নওসের আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মহানগর সভাপতি আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৮ ঘ.
bdnews24