২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে রাজ্জাকের ভাইয়ের মেয়ে জামাইয়ের লাশ উদ্ধার

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে শনিবার সন্ধ্যায় মনির চৌধুরী (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 06:48 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

সাভার, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে শনিবার সন্ধ্যায় মনির চৌধুরী (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মনির আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের ভাইয়ের মেয়ে জামাই এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার করণহোগলা কার্তিকপুর গ্রামের মুক্তিযোদ্ধা সালামত চৌধুরীর ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. শফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে হেমায়েতপুর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। মনিরের মোবাইল ফোন সেটের সাহায্যে পুলিশ তার পরিচয় জানতে পারে। খবর পেয়ে রাতেই সাভার থানায় আসেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, সাভার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী হায়দারসহ দলের স্থানীয় নেতাকর্মীরা। আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, সকালে মনির চৌধুরী তার রাজধানীর পল্লবীর বাসা থেকে ব্যবসার কাজের কথা বলে বের হন। সাভারে তার একটি সিএনজি স্টেশন করার কথা ছিল। রাজ্জাক দুর্ঘটনার ব্যাপারে সংশয় প্রকাশ করে বলেন, এটি দুর্ঘটনা না হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে রাত ১০টার দিকে আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে পুলিশ ট্রাকটিকে হেমায়েতপুরের 'কফিল ফিলিং স্টেশন' নামের পেট্রোল পাম্প থেকে আটক করেছে। নম্বর প্লেট বদলে নতুন নম্বর প্লেট লেখার সময় পুলিশ ট্রাকটি আটক করে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে পাম্পের পাঁচ কর্মচারীকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মনির বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সাবেক আহবায়ক ছিলেন বলে তার পরিবারের লোকজন জানান। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩৫৭ ঘ.