ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব এড়াতে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত 'ফৌজদারি কার্যবিধি সংশোধন বিল-২০০৯' আরো পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিলটি পরীক্ষা-নিরীক্ষা করতে আইনমন্ত্রী শফিক আহমেদ সংসদে আরো সাত দিন সময় চাইবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
রোববার দুপুরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
রোববার বিলটি সংসদে পাস হওয়ার কথা রয়েছে।
এ বিলে যে কোন জেলায় প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। পুলিশ প্রশাসন আশংকা করছে এর ফলে দেশের ছয় মহানগর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হবে।
শফিক আহমেদ বলেন, "পুলিশ প্রশাসনের আশংকা ফৌজদারি কার্যবিধি সংশোধন বিল-২০০৯ পাস হলে তাদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বন্দ্ব তৈরি হবে। পুলিশ প্রশাসন ১৯৭৬ সালের মহানগর পুলিশ আইন বহাল রাখার দাবি জানিয়েছেন।"
তিনি বলেন, "তাদের দাবি যৌক্তিক বিবেচনা করে বিলটি আরো পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আমি সংসদের কাছে আরো সাতদিন সময় চাইবো।"
বৈঠকের পর পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, "ফৌজদারি কার্যবিধি সংশোধন বিল নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আমরা দাবি করেছি দীর্ঘ ৩৩ বছর ধরে মহানগর পুলিশ যে আইনে কাজ করছে সেটাই বলবৎ থাকুক। নতুন কিছু করার দরকার নেই। "
বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ সানজিদা খানম, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার, অতিরিক্ত আইজিপি নব বিক্রম ত্রিপুরা, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৬২০ঘ.
bdnews24