ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৫ জন রোববার শপথ নেবেন। সংসদ ভবনের শপথ কক্ষে সকাল ১১টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে।
শনিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
স্পিকার মো. আবদুল হামিদ সকাল ১১ টায় আওয়ামী লীগ, সাড়ে ১১ টায় বিএনপি ও বেলা ১২টায় জাতীয় পার্টি'র নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন।
দলীয় কোটা অনুযায়ী এবার ৪৫টি আসনের মধ্যে আওয়ামী লীগের ৩৬ জন, বিএনপির ৫ জন ও জাতীয় পার্টির ৪ জন নির্বাচিত হয়েছেন।
২৪ মার্চ নির্বাচিত ৪৫ জন প্রার্থীর নাম ও ঠিকানা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তারিখ ৩০ মার্চ থাকলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ মার্চ ৪৫ জন নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এএল/এসকে/২২২৪ঘ.
bdnews24