চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বন্দরনগরীর পানীয় জলের সমস্যা সমাধান এবং ফয়'স লেকসহ সুপেয় পানির জলাধার সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রামের পরিবেশবাদী সংগঠনগুলো।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন-পরবর্তী সমাবেশ থেকে বক্তরা অবিলম্বে ফয়'স লেক রক্ষা ও সেখান থেকে পানি সরবরাহ নিশ্চিত করা, নগরীর সব জলাধার ভরাট রোধ ও সংস্কার এবং হালদা ও কর্ণফুলী নদীর দূষণ রোধ করার দাবি জানান।
সমাবেশে অভিযোগ করা হয়, পানির অভাবে একদিকে যেমন নগরবাসী কষ্ট পাচ্ছে অন্যদিকে সুপেয় পানির উৎসগুলো কর্তৃপক্ষের উদাসীনতায় ধ্বংস হচ্ছে। বক্তারা নগরীতে পানীয় জলের সঙ্কট নিরসন ও ঐতিহ্য রক্ষায় ফয়'স লেক ও আশকার দীঘিসহ সব জলাধার রক্ষায় সিডিএ, পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনকে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহবান জানান।
পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগ ও পিপলস ভয়েস আয়োজিত এ সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী, ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, কাউন্সিলর এম এ নাসের, কাউন্সিলর এম এ মালেক, পরিবেশ আন্দোলনের সংগঠক শরীফ চৌহান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৭৪২ঘ.
bdnews24