বগুড়া, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগ ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন সাবেক মন্ত্রী বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী মওদুদ আহমদ।
মঙ্গলবার বিকেলে গাবতলী উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ অভিযোগ করেন।
মওদুদ অভিযোগ করেন, সোমবার তারা (আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা) আমার নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। আহত করেছে বিএনপির নেতাকর্মীদের।"
নির্বাচনের দিন আওয়ামী লীগ নেতাকর্মীরা কেন্দ্র দখলের নীল নকশা করছে বলেও তিনি অভিযোগ করেন।
এর আগে দুপুরে বগুড়া শহরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার অভিযোগ করেন, বিভিন্ন স্থানে আ'লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।
সাবেক স্পিকার বলেন, "বগুড়া ঘুরে আমি দেখেছি এখানকার মানুষ সবাই শহীদ জিয়াকে ভালোবাসে। ধানের শীষ ছাড়া কিছুই বোঝে না তারা। এখানে আ'লীগের জোরালো সমর্থন নেই।"
তিনি দাবি করেন, "নির্বাচনে জিততে পারবে না বলেই তারা (আওয়ামী লীগ নেতাকর্মীরা) ভয়ভীতি দেখাচ্ছে। শুধু তাই নয় নৌকা মার্কায় ভোট না দিলে ভিজিএফ কার্ড বাতিলের হুমকি দিচ্ছে।"
জমির উদ্দিন জানান, তারা ৪০টি ঝুকিপূর্ণ কেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন।
মতবিনিময়ের সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ্, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, এহছানুল হক মিলন, মোয়াজ্জেম হোসেন আলাল, সাংসদ হাফিজুর রহমান প্রমুখ।
২ এপ্রিল রংপুর-৩ ও ৬, কুড়িগ্রাম-২, বগুড়া-৬ ও ৭ ও কিশোরগঞ্জ-৬ আসনে উপনির্বাচন হবে। এসব আসন ছেড়েছেন যথাক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বাগেরহাট-১ আসনের উপনির্বাচনে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24