২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রমণাত্মক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বললেন স্পিকার

জন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সময় সাংসদদের পরস্পরের প্রতি আক্রমণাত্মক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সময় সাংসদদের পরস্পরের প্রতি আক্রমণাত্মক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ। মঙ্গলবার সংসদে স্পিকার সরকার ও বিরোধী দলের সাংসদদের উদ্দেশে এই রুলিং দেন। তিনি বলেন, "এ ধরনের চর্চা সাংসদদের মধ্যে সংঘাত সৃষ্টি করে এবং সংসদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে।" সন্ধ্যায় জনগুরুত্বসম্পন্ন বিষয়ে কথা বলার জন্য ফ্লোর পেয়ে আওয়ামী লীগ দলীয় সাংসদ অপু উকিল বিগত বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিতে থাকেন। এ সময় স্পিকার সংসদ সচিবালয়ে দাখিল করা তার লিখিত বক্তব্যে এ ধরনের আক্রমণাত্মক শব্দ আছে কি না- জানতে চাইলে তিনি 'হ্যাঁ' সূচক জবাব দেন। সাংসদ অপু উকিল ওই শব্দ বের করতে না পারায় তার মাইক বন্ধ করে দেন স্পিকার। এর পর পরই স্পিকার আব্দুল হামিদ সাংসদদের আক্রমনাত্মক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রুলিং দেন। তিনি বলেন, "আপনারা নোটিশে থাকা লিখিত বক্তব্যের বাইরে অন্য কিছু বলা থেকে বিরত থাকবেন। আপনাদের মধ্যে কেউ যদি তারপরও এমনটি করেন তাহলে আমি তার নোটিশ সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে পাঠাবো না।" বিএনপি সাংসদ আসিফা আশরাফি পাপিয়া তার আগে করা একটি আবেদনের বিষয়ে কথা বলতে চাইলে স্পিকার তাকে লিখিত বক্তব্যের বাইরে কথা বলা থেকে বিরত থাকতে বলেন। লিখিত বক্তব্যের বাইরে কিছু বললে ওই বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে বলে তাকে সতর্ক করেন আব্দুল হামিদ। গত ২৯ মার্চ বিরোধী দলের সংরক্ষিত নারী আসনের সাংসদরা জন-গুরুত্বসম্পন্ন কথা বলার জন্য ফ্লোর নিয়ে সরকার দলের সাংসদদের উদ্দেশ করে আক্রমণাত্মক বক্তব্য রাখলে সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ কেআরসি/ পিসি/এএল/এইচএ/২২৩০ঘ.