সিলেট, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, "শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না। অনিয়মকারীদের কঠোর হাতে দমন করা হবে।"
রোববার সকালে সিলেট নগরীর আলমপুরে সিলেট শিক্ষা বোর্ডের নিজস্ব ভবনের নির্মাণ কাজ উদ্বোধনের সময় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "শিক্ষার হারের দিক দিয়ে সিলেট অনেক পিছিয়ে। এ থেকে উত্তরণের জন্য অবকাঠামোগত উন্নয়ন দরকার।"
শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে নাহিদ বলেন, "সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। তবে এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সহযোগিতা লাগবে।"
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আজিজ, সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েস ও শফিকুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিশনার ড. জাফর আহমেদ খান, জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, গোলাপগঞ্জ পৌর সভার মেয়র জাকারিয়া আহমদ পাপলু প্রমুখ।
২০০১ সালে যাত্রা শুরু হলেও এতদিন ভাড়া বাড়িতেই চলেছে সিলেট শিক্ষা বোর্ডের কার্যক্রম। বিগত চারদলীয় জোট সরকারের আমলে শিক্ষা বোর্ডের নিজস্ব ভবন নির্মাণের জন্য চার একর জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তহবিল সংকটের কারণে এতদিন নির্মাণ কাজ শুরু করা যায়নি।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ১৪ লাখ টাকা। আপাতত ৪র্থ তলা পর্যন্ত কাজ সম্পন্ন করা হবে। চলতি বছরই নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৬ ঘ.
bdnews24