ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নৃশংস হত্যাকাণ্ডকে 'কাপুরুষোচিত' আখ্যায়িত করে বলা হয়, সেনাবাহিনীর মেধাবী সদস্য ও বেসামরিক মানুষ হত্যার ঘটনায় দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, " সেনাবাহিনীর যেসব সদস্য নিহত হয়েছেন শোকপ্রস্তাবে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে ।"
রোববার স্পিকার আবদুল হামিদ সংসদ অধিবেশন শুরুর পর দিনের সব কর্মসূচি স্থগিত করে এ শোক প্রস্তাব উত্থাপন করার পর এর উপর দীর্ঘ আলোচনা হয়।
সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার ওই বৈঠকে ছয়টি আইন অনুমোদন দেওয়া হয় বলে জানান আবুল কালাম আজাদ।
"আইনগুলো হচ্ছে- রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০০৯, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন-২০০৯, পাবলিক সার্ভেন্ট (ম্যারেজ উইথ ফরেন ন্যাশনাল) (সংশোধন) আইন-২০০৯, পাবলিক সার্ভেন্ট (ডিসমিসাল কনভিকশন) (সংশোধন) আইন-২০০৯, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন-২০০৯ এবং পেস্টিসাইড (সংশোধন) আইন-২০০৯ ।"
প্রেস সচিব বলেন, "কিছু পরামর্শসহ রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনটি অনুমোদন দেওয়া হয়। এখন থেকে ডেভেলপারদের মালিকানা সংক্রান্ত কাগজপত্র অবশ্যই ক্রেতাকে দেখাতে হবে, অর্থ পরিশোধের তিন মাসের মধ্যে রেজিস্ট্রেশন ও দখল বুঝিয়ে দিতে হবে এবং পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ ডেভেলপারকে নিশ্চিত করতে হবে।"
'পাবলিক সার্ভেন্ট (ম্যারেজ উইথ ফরেন ন্যাশনাল) (সংশোধন) আইন-২০০৯' সম্পর্কে আবুল কালাম আজাদ জানান, বিদেশে কর্মরত বাংলাদেশি কূটনীতিকরা এখন থেকে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে বিদেশি নাগরিককে বিয়ে করতে পারবেন।
বিডিনিউজ ২৪ ডটকম /এসইউএম/এজে/এইচএ/১৮০৩ঘ.
bdnews24