২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরেনসিক বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে বাংলাদেশ

বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের শনাক্ত করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে ফরেনসিক বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে বাংলাদেশ। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এবং রোববার রাতে ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্সের সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ অনুরোধ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 07:39 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের শনাক্ত করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে ফরেনসিক বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে বাংলাদেশ। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এবং রোববার রাতে ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্সের সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ অনুরোধ জানান। সোমবার দীপু মনি সাংবাদিকদের বলেন, "বেশ কিছু সংখ্যক মৃত দেহ শনাক্ত করা যাচ্ছেনা। ঘটনার শিকার ব্যক্তিদের সম্পর্কে তাদের পরিবারের সদস্যদের জানার অধিকার রয়েছে।" তিনি আরো বলেন, "এজন্যই গতকাল ব্রিটিশ হাই কমিশনার আর আজ (সোমবার) মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে তাদের কাছে ফরেনসিক বিশেষজ্ঞ সহায়তা চেয়েছি।" দীপু মনি বলেন, "ফরেনসিক সহায়তা ছাড়াও বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সরকার ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের এফবিআই এবং যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের সহযোগিতা চেয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতরা তাদের সরকারকে জানাবেন।" মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, "চলমান তদন্তে সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আমি নিশ্চয়তা দিয়েছি, আমাদের সরকারকে এ কথা জানাব।" তদন্ত প্রক্রিয়ায় কোন সংস্থা, কিভাবে জড়িত হবে জানতে চাইলে মরিয়ার্টি সরাসরি বলেন, "আমাদের অনেক সংগঠন রয়েছে। তাই এখনই কিছু বলা যাচ্ছে না।" রোববার সংসদীয় অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বিডিআর সদর দপ্তরের সেনা কর্মকর্তাদের নিহতের ঘটনা তদন্তে এফবিআই'র সহায়তা নেওয়া হবে। গত ২৫ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে কমপক্ষে ৬৩ সেনা কর্মকর্তাকে নিহত হয়েছে। এছাড়া ৭০ জনেরও বেশি সেনা কর্মকর্তা নিখোঁজ রয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/কেআরসি/এফএফ/জিএনএ/১৩৩৫ ঘ.