ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন আরও ৩৮ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্য থেকে ২০ জনকে আদালতে তোলার পর পাঁচ দিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে সিআইডির হাতে দিয়েছে ঢাকার একটি আদালত।
মহানগর হাকিম কনিকা বিশ্বাস শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আব্দুল কাহার আকন্দ ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতের আবেদন জানান।
সন্ধ্যা ৬টার দিকে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এছাড়া আদালত বাকি ১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। তাদের আদালতে হাজির করা হয়নি।
আদালত সংশ্লিষ্ট পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা খন্দকার এখলাসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার এই ৩৮ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়।
লালবাগ থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
যে ২০ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন ল্যান্স নায়েক সিদ্দিকুর রহমান, সিপাহী সোহেল রানা, সিপাহী আল আমিন, সিপাহী রবিউল ইসলাম, সিপাহী হাবিবুর রহমান, সিপাহী সিদ্দিকুর রহমান, সিপাহী মঞ্জুর আলম, সিপাহী আল আমিন মণ্ডল, সিপাহী শম্ভুনাথ সেন, সিপাহী শরীফুল ইসলাম, সিপাহী নূর আলম, সিপাহী ইউসুফ আলী, সিপাহী সরকার মো. হুমায়ূন কবির, সিপাহী শফিকুল ইসলাম, সিপাহী এনামুল হক, সিপাহী জাকির হোসেন, সিপাহী শওকত ওসমান, সিপাহী নূরুল হক, নায়েক মো. জিয়াউল হক এবং সিপাহী বারেক আলম।
এছাড়া ৫ দিনের জিজ্ঞাসাবাদ শেষে বিডিআরের অন্য ১৯ সদস্যকে একই আদালতে তোলা হলে তাদেরও কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তবে তাদের আদালতে হাজির করা হয়নি।
এই ১৯ জনকে গত ১৬ মার্চ ৫ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/টিআর/এসকে/২০১২ ঘ.
bdnews24