২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরাঞ্চলে অপ্রশিক্ষিত ধাইয়ের হাতে জন্ম নেয় ৯২ শতাংশ শিশু

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের চরাঞ্চলে ৯২ শতাংশ শিশু অপ্রশিক্ষিত ধাইয়ের হাতে জন্মগ্রহণ করে থাকে। চরবাসীর ৭১ শতাংশই পুরোপুরি নির্ভরশীল হাতুড়ে ডাক্তারের ওপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 11:45 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের চরাঞ্চলে ৯২ শতাংশ শিশু অপ্রশিক্ষিত ধাইয়ের হাতে জন্মগ্রহণ করে থাকে। চরবাসীর ৭১ শতাংশই পুরোপুরি নির্ভরশীল হাতুড়ে ডাক্তারের ওপর। গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ের এক গবেষণা প্রতিবেদনে এই চিত্র ফুটে উঠেছে। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহায়তায় পাবনা, নীলফামারী ও লালমনিরহাট জেলার ৫১টি চরে এই সমীক্ষা চালানো হয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার এক অনুষ্ঠানে উন্নয়ন সমন্বয়ের গবেষণা ও কর্মসূচি প্রধান তাইফুর রহমান গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন। গবেষণার ফলাফলের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৫ শতাংশেরও কম চরবাসী প্রশিক্ষিত চিকিৎসকের সেবা পান। তিনি বলেন, দেশের চরাঞ্চলে সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছায় না বললেই চলে। তাইফুর রহমান বলেন, এসব এলাকার প্রায় ৭০ শতাংশ মা গর্ভকালীন সেবা থেকে বঞ্চিত হন এবং ৪০ শতাংশ বঞ্চিত হন টিটেনাস টিকা থেকে। তিনি আরও বলেন, চরে শতকরা প্রায় ৯৭ ভাগ মা বাড়িতেই সন্তান প্রসব করেন। মাত্র এক শতাংশ মা সন্তান প্রসব করে থাকেন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে । গবেষণাপত্রের সুপারিশমালায় চরাঞ্চলে স্বাস্থ্যসেবা বাড়ানোর আহ্বান জানিয়ে তাইফুর রহমান বলেন, "চরাঞ্চলে স্বাস্থ্যসেবা বাড়ানো দরকার। এছাড়া চরাঞ্চলের স্বাস্থ্যকর্মীদের বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন যাতে তারা সহজে দুর্গম জায়গায় গিয়ে কাজ করতে পারেন। উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ আসাদুজ্জামান নূর, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কান্ট্রি ডিরেক্টর কিয়েরন ক্রলি, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী জাফরুল্লাহ চৌধুরী, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের প্রকল্প সমন্বয়কারী সাজেদা বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/১৭৪০ ঘ.