ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক সাহিত্য পুরস্কার ২০০৯ পেয়েছেন বাংলাদেশের কবি রুবানা হক।
বৃহস্পতিবার ভারতের আগ্রায় এক অনুষ্ঠানে রুবানা হকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
কবি রুবানা হক সাউথ এশিয়া টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
এ ব্যাপারে রুবানা হক টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "খুবই ভালো লাগছে। তবে বারবার মনে হচ্ছে আমি আসলে এই পুরস্কার পাওয়ার যোগ্য নই।
"দক্ষিণ এশিয়া অঞ্চলের যে কয়েকটি বিষয় আমাদের মধ্যে এক অবিচ্ছেদ্য বন্ধন রচনা করেছে সেগুলো হলো শিল্প, সঙ্গীত ও সাহিত্য। এই বন্ধনে অবদান রাখতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।"
ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার (এফওএসডব্লিউএএল) এই পুরস্কার প্রবর্তন করে।
কবি রুবানার কাব্যগ্রন্থ 'টাইম অব মাই লাইফ'এর ভূয়সী প্রশংসা করেছে ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার।
এর আগে ২০০৭ সালে ভারতের প্রখ্যাত সাহিত্যিক ও মানবাধিকার কর্মী মহাশ্বেতা দেবী এই পুরস্কারে ভূষিত হন।
ব্যক্তিগত জীবনে রুবানা বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি'র (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হকের স্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কিউএইচ/এইচএ/১৫২২ঘ.
bdnews24