বগুড়া, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে।
শহরের মাটিডালী বাইপাশ সড়কে আয়োজিত মেলায় পাকিস্তান, থাইল্যান্ড, চীন, ইরানসহ প্রায় বিভিন্ন দেশের ১০৬ টি স্টল ও প্যাভিলিয়ন বসছে।
বগুড়া চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রির উদ্যোগে এবং ঢাকার বিডি এক্রপোর ব্যবস্থাপনায় আয়োজিত এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক হুমায়ুন কবির।
মেলায় পোশাক, ক্রোকারিজ, শাড়ি, বৈদ্যুতিক সামগ্রী, বিদেশি প্রসাধনসামগ্রীসহ নানা পণ্যে স্টল বসেছে। ইতোমধ্যে ২৫টি স্টল চালু হয়েছে।
এছাড়া প্রতিদিন সার্কাসসহ শিশুদের বিনোদনেরও ব্যবস্থা রয়েছে মেলায়।
বিডি এক্সপো প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী আহসান আলী জয় জানান, ক্রেতারা যেন পছন্দের ভাল পণ্যটি কিনতে পারে সে বিষয়টি মাথায় রেখেই মেলা আয়োজন করা হয়েছে।
বগুড়া চেম্বারের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান পাইকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, পৌর মেয়র একেএম মাহবুবুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24