ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে দেশে ফিরিয়ে আনা শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও তার সহযোগী কাজল আহমেদ জালালকে একটি অস্ত্র মামলায় সংশ্লিষ্টতা না পেয়ে খালাস দিয়েছে আদালত।
বুধবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মাসদার হোসেন ইমনের উপস্থিতিতে এ রায় ঘোঘণা করেন।
তবে আদালত মামলার অপর আসামি নাজমুল হোসেন মাসুদের ১০ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
আদালত বিচারের সময় ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে সরকারী কৌসুলি (পিপি) ফারুক আহমেদ ও ইমনের পক্ষে মুসলেম উদ্দিন ভূঁইয়া মামলা পরিচালনা করেন।
মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৭ সালের ৬ এপ্রিল রাজধানীর উত্তরা এলাকায় সন্দেহজনক দুটি গাড়ি ঘোরাফেরার সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা পিছু নেয়। একপর্যায়ে একটি গাড়িসহ মাসুদকে আটক করে ডিবি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গাড়ির ভেতর থেকে ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই উত্তরা থানায় একটি মামলা হয়। পরে মাসুদের স্বীকারোক্তি অনুযায়ী ইমন ও কাজলকে এ মামলার আসামি করা হয়। পরের বছর ১৯ সেপ্টেম্বর ডিবির উপ-পরিদর্শক আকরাম হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।
ইমনের বিরুদ্ধে আরো প্রায় ১৫টি হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২২২৭ঘ.
bdnews24