চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত বুধবার এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে এক লাখ টাকা করে।
নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ অনুপ কুমার গোস্বামী দুপুর সাড়ে ১২টায় এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হচ্ছে জেলার ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ময়ামারী গ্রামের কাইয়ুম রেজা (১৮) ও শফিকুল ইসলাম (২০)।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ময়ামারী গ্রামের আলমাস আলী (১৫) ও বটতলা গ্রামের রেজাউল করিম ওরফে এজাবুল হককে (২০) বেকসুল খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ২০০০ সালের ১ এপ্রিল ময়ামারী গ্রামের এমরান আলীর কিশোরী কন্যা শিউলী খাতুন (১৪) সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পিছনে যায়। এ সময় দণ্ডিতরা তাকে অপহরণ করে এলাকার নির্জন মাঠে নিয়ে গণধর্ষণ করে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখে।
পরদিন সকালে লোকজন থানায় খবর দিলে পুলিশ বাড়ির পিছনের একটি গাছ থেকে শিউলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ২ এপ্রিল বাবা এমরান আলী চারজনের বিরুদ্ধে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন।
মামলায় ১৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১০৫ ঘ.
bdnews24