২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় আরেক বিডিআর সদস্যের মৃত্যু

বিডিআর সদর দপ্তরে মঙ্গলবার বিকালে মনির হোসেন (২৮) নামে বিডিআরের এক সদস্যের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদর দপ্তরে মঙ্গলবার বিকালে মনির হোসেন (২৮) নামে বিডিআরের এক সদস্যের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে রাইফেলস সিকিউরিটি ইউনিটের সদস্য এ জওয়ানের মৃত্যুর কোনো কারণ জানানো হয়নি। লালবাগ থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিআর সদস্যের মৃত্যুর খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান। গত ৯ মার্চ পিলখানা থেকে ফাঁস দেওয়া অবস্থায় এক বিডিআর সদস্যের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ওই ঘটনাকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল। উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যা ৭টার দিকে বলেন, "একজন ম্যাজিষ্ট্রেটের সামনে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশের ময়না তদন্ত করা হবে।" উর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, "মনির হোসেন ২৪ রাইফেলস ব্যাটালিয়ন ব্যারাকে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে পৌনে ৪টার দিকে বিডিআর হাসপাতালে নেওয়া হয়। ৪টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।" মনির হোসেন রাইফেলস সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) সদস্য ছিলেন বলে উপ-পরিদর্শক জানান। মনিরের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার নোয়াপাড়া গ্রামে। তার বাবার নাম জালাল উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/এসকে/২০৪৪ ঘ.