২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পেট্রোল পাম্পে ছয় লাখ টাকা ডাকাতি

রাজধানীর পরিবাগে একটি গ্যাস ফিলিং স্টেশনে রোববার ভোরে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর পরিবাগে একটি গ্যাস ফিলিং স্টেশনে রোববার ভোরে ডাকাতি হয়েছে। এক দল সশস্ত্র ডাকাত স্টেশনে ঢুকে প্রায় ৬ লাখ টাকা নিয়ে গেছে। এসময় তাদের গুলিতে একজন আহত হয়েছেন। তবে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাত হাতেনাতে ধরা পড়ে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় আরেকজনকে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতরা একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে গ্যাস নেওয়ার নামে ভোর সোয়া চারটার দিকে শাহজাহান এন্টারপ্রাইজ নামের একটি গ্যাস ফিলিং স্টেশনে ঢুকে অস্ত্র দেখিয়ে সব কর্মচারিকে জিম্মি করে। বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও চালায় তারা। তবে একটি গুলি জাফর আহমেদ নামের এক কর্মচারির গায়ে লাগে। এতে তিনি আহত হন। রেজাউল ইসলাম জানান, ডাকাতরা পাম্পের ক্যাশবাক্স থেকে প্রায় ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে জাফর ও হান্নান নামের দুই কর্মচারি আহসান (৩৫) নামের একজনকে পাকড়াও করে। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, পরে পুলিশ আহসানকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের সূত্রে মাহবুব (৩০) নামে আরেকজনকে গ্রেপ্তার করে। যে গাড়ি নিয়ে ডাকাতি করা হয় তার মালিকের নামও পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রতিষ্ঠানের উপদেষ্টা মাহফুজুল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকায় পেট্রোল পাম্পটি অবস্থিত। এর কাছেই রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন ও মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়। তারপরও এভাবে ডাকাতি হওয়ায় আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/টিআর/এসকে/২০১২ঘ.